অ্যাশেজ সিরিজের বৃষ্টি বিঘ্নিত দিনে রুট-ব্রুকের লড়াই

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন বৃষ্টি কারণে খেলা হয়েছে ৪৫ ওভার। বৃষ্টি বিঘ্নিত দিনে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেটে ২১১ রান করেছে ইংল্যান্ড। ৫৭ রানে ৩ উইকেট পতনের পর ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন রুট ও ব্রুক। ৭৮ রানে ব্রুক এবং রুট ৭২ রানে অপরাজিত আছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড। ৩৫ রানের সূচনা এনে দিয়ে বিচ্ছিন্ন হন ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৫টি চারে ২৪ বলে ২৭ রান করা ডাকেটকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন পেসার মিচেল স্টার্ক। দলের রান ৫০ পার করে সাজঘরে ফিরেন ক্রলি। আরেক পেসার মাইকেল নেসারের শিকার হবার আগে ৩টি চারে ১৬ রান করেন ক্রলি। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জ্যাকব বেথেল। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের শিকার হবার আগে ১০ রান করেন তিনি। এতে ৫৭ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন রুট ও ব্রুক। ২৩তম ওভারে ১০০ এবং ৪২তম ওভারে দলের রান ২০০তে নেন রুট ও ব্রুক। দলের রান দেড়শ পার করে হাফসেঞ্চুরি তুলে নেন তারা। রুট ৬৭তম ও ব্রুক ১৫তম হাফসেঞ্চুরির স্বাদ নেন। ৪৫তম ওভার শেষে বৃষ্টি নামলে আগেভাগেই দিনের চাবিরতি দেওয়া হয়। বৃষ্টি অব্যাহত থাকায় পরবর্তীতে আর খেলা শুরু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপের শীর্ষে তমাল চৌধুরী স্মৃতি একাদশ
পরবর্তী নিবন্ধমোস্তাফিজ ম্যাজিকে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়