নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে যুক্ত হয়েছে স্টেপ ডাউন নিবিড় নামে সর্বনিম্ন খরচে বিশ্বমানের আইসিইউ সেবা। আইসিইউ ইউনিটে মাত্র ৪ হাজার ৫০০ টাকায় বেড সুবিধাসহ অত্যন্ত কম খরচে সকল আইসিইউ সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গতকাল বেলা আড়াইটায় অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একসময় ইন্টেনসিভ কেয়ার ইউনিটি (আইসিইউ) বলে কিছু ছিল না। ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন আসলে আইসিইউ’র কথা তো চিন্তাই করতো না কেউ। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় আসার পর ২৮ টি বেড নিয়ে চমেক হাসপাতালে আইসিইউ’র যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে আইসিইউ, এইচডিইউ’র মতো সেন্টারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি, আইসিইউ এবং এইচডিইউ’তে চিকিৎসার যে বিল চলে আসে তাতে করে অনেক মানুষ সেখানে কিন্তু চিকিৎসা করাতে পারছে না। মেয়র আরো বলেন, আজকে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ স্বল্পমূল্যে স্টেপ ডাউন নিবিড় নামে যে আইসিইউ সেন্টারটি উদ্বোধন করছে, সেজন্য আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। এই সেবা চালুর মাধ্যমে তারা যে শুধুমাত্র হাসপাতালে ফ্যাসিলিটিস বাড়াচ্ছে তা না, একই সাথে মানবসেবার অনন্য উদাহরণও সৃষ্টি করছে। আমি মনে করছি বৃহত্তর চট্টগ্রামের জন্য এটা একটা উদাহরণ হিসেবে থাকবে। কারণ এই হাসপাতাল ইতোমধ্যে তাদের ফ্যাসিলিটিস আন্তর্জাতিকভাবে তারা নিশ্চিত করছে। এই ধরনের ফ্যাসিলিটিসগুলো অন্য হাসপাতালে নিশ্চিত করাটা একটু কঠিন। আমরা এখানে ইনফেকশন ফ্রি অপারেশন থিয়েটার এবং ইনফেকশন ফ্রি বিভিন্ন ফ্লোরে দেখেছি। কাজেই এই জায়গায় আইসিইউ সেন্টারের যে সুবিধা রোগীরা পাবে, অন্য জায়গায় হয়তোবা পাওয়াটা একটু কঠিন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সুলভ মূল্যে স্টেপ ডাউন আইসিইিউ সেবা চালু হওয়া চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সাধারণ মানুষের জন্য নিবিড় চিকিৎসা আরও সহজলভ্য করবে।
অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের লক্ষ্য সবসময়ই সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কোভিড আমাদের শিখিয়েছে অর্থ নয়, সময়মতো চিকিৎসা–ই জীবন বাঁচায়। সেই উপলব্ধি থেকেই চট্টগ্রামবাসীর জন্য স্বল্প খরচে স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু করেছি, যাতে প্রয়োজনের সময় সবাই সহজে নিবিড় চিকিৎসা পেতে পারেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন বলেন, চিকিৎসা সেবার মান বজায় রেখে সাশ্রয়ী খরচে সেবা প্রদান করাই এই আইসিইউ ইউনিটের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল পুনরায় প্রমাণ করেছে তারা বিশ্বমানের চিকিৎসাসেবা সাশ্রয়ী মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা–কর্মচারীরা।













