অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ভার্সিটি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে :মেয়র

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। দেশের উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ৫টি একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব লজ, বিএসএস ইন ইকোনমিঙ ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্তের কথা জানায়। অ্যাক্রেডিটেশন প্রাপ্তি বলতে বোঝায়, কোনো বিশ্ববিদ্যালয় বা তার নির্দিষ্ট শিক্ষাক্রমকে রাষ্ট্রীয় ও স্বীকৃত মাননিয়ন্ত্রণকারী সংস্থা নির্দিষ্ট মানদণ্ডে যাচাই বাছাই করে মানসম্মত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া।

গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রেরিত পত্র হস্তান্তর অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যথেষ্ট নয়; সেই ডিগ্রির মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে, তারা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। তিনি এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অর্জিত মান ধরে রাখা এবং অবশিষ্ট প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অস্ট্রেলিয়া,কানাডাসহ আধুনিক বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। নার্সিংসহ বিভিন্ন যুগোপযোগী বিষয়ে প্রিমিয়ারে ডিগ্রি প্রদান করা হবে যেগুলো তরুণদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলবে। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই বিজয় ঠেকাতে পারবে না