অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে পুলিশের ১০ টিম

স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় গুলি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চাঁদা না পেয়ে নগরের চন্দনপুরায় এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে নগর পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে ১০টি টিম ভাগ হয়ে সন্ত্রাসীদের নগরের সম্ভাব্য আস্তানায় এ অভিযান শুরু করে। এর আগে রাত সাড়ে ১১টায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযান শুরুর বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ৬টায় চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও তার ভাই বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করে মুখোশধারী ৪ জন সন্ত্রাসী। মোস্তাফিজুর রহমানের দাবিতার কাছে ১০ কোটি চাঁদা দাবি করে, না পেয়ে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারিরা গুলি ছুঁড়েছেন।

এদিকে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, আমরা অপরাধীদের শনাক্ত করেছি। তাদের সম্ভাব্য আস্তানায় আমরা অভিযান পরিচালনা করবো। আমাদের কাছে তথ্য আছে যে, তারা শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান করে। গুলি চালিয়ে আবারো তারা সেখানে চলে গেছে। সেখানেও আমাদের অভিযান চলছে। তবে আমাদের কাছে তথ্য আছেতারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি। কারণ এই চট্টগ্রামের প্রতিটি প্রবেশপথে আমাদের চেকপোস্ট আছে। এই রিস্ক তারা নেয়নি। অস্ত্র নিয়ে তারা এখানে প্রবেশ করেনি। শহরের কোথাও সে অস্ত্র লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলা স্পট আমরা শনাক্ত করেছি। সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব।

তিনি বলেন, নগরবাসীর মনে হয়তো কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, সে আশঙ্কা দূর করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। আমরা সম্মানিত নগরবাসীর কাছ থেকে এই আস্থা অর্জন করতে চাই যেআমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি।

গুলির ঘটনায় গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে বলেন, অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পড়ে নিহত হয়। এরপর কি আপনারা রাস্তাঘাটে বের হওয়া বন্ধ রাখেন? রাখেন না। এরকম এটাকে বলব একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এটাকে আমরা যদি বলতে চান যে পুলিশের ব্যর্থতা, আপাতত আমরা ব্যর্থতা হিসেবে মেনে নিতে রাজি আছি। তবে আমাদের অভিযান চলছে। ইনশাআল্লাহ সফলতা আসবে।

তিনি বলেন, নগরবাসীকে এই নিশ্চয়তা দিতে চাই যে পুলিশ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছে। নিরাপত্তা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমরা আমাদের সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পূর্বের অন্যান্য ঘটনায় যেভাবে অপরাধীরা ধরা পড়েছে, সামপ্রতিক ঘটনার অপরাধীরাও ধরা পড়বে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পাম্প বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে নিষ্ঠুর হত্যাকাণ্ড : পুতিন