দীর্ঘ নাটকীয়তা ও নিরাপত্তার শঙ্কার মাঝে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন ইরান নারী ফুটবল দলের দুই খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফ। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গতকাল রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেন। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি–র বরাতে জানানো হয়েছে, ওই তিন সদস্য বর্তমানে মালয়েশিয়ার পথে রয়েছেন এবং সেখান থেকে তারা ইরানে ফিরবেন। নিরাপত্তা শঙ্কায় অধিনায়ক জাহরা ঘানবারিসহ মোট সাতজন প্রতিনিধি দল থেকে বিচ্ছিন্ন হয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে শেষ পর্যন্ত খেলোয়াড় মহদিসে জোলফিগলসহ আরও তিন সদস্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই খেলোয়াড়দের পুনরায় ভাববার সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজ ইচ্ছায় দলের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।












