আজ ১ মার্চ থেকে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। পার্থে উদ্বোধনী ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের এশিয়া কাপে অভিষেক হবে দুদিন পর ৩ মার্চ। সেদিন সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
এশিয়া কাপে মাত্র একবারই খেলেছিল বাংলাদেশের পুরুষ দল সেই ১৯৮০ সালে। ৪৬ বছর পর নারী ফুটবল দল প্রথম বারের মতো এশিয়া কাপ খেলবে। ইতিহাসের সামনে থেকে তাই বেশ রোমাঞ্চিত বাংলাদেশের নারী ফুটবলাররা। এদিকে অস্ট্রেলিয়ায় শেষ সময়ের প্রস্তুতি সারছেন বাংলাদেশের আফঈদা, ঋতুপর্ণারা। দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য। এর মধ্যেই একটি প্রীতি ম্যাচ খেলেছে দল। সেখানে যে ভুল–ত্রুটিগুলো কোচের নজরে পড়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে আঁটঘাট বেঁধে। জুবিলি স্টেডিয়ামে গতকাল শনিবারের অনুশীলনে এ দিকটায় বাড়তি গুরুত্ব দিয়েছেন পিটার জেমস বাটলার। মাঠের লড়াই শুরুর অবশ্য খুব দেরি নেই। মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন’স এশিয়ান কাপের গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার হাতছানিতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত খেলোয়াড়রা। অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে আসা সুরভি আকন্দ প্রীতির কণ্ঠেও এর স্পষ্ট ফুটে উঠল। ‘যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, খেলবে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই অনুশীলন সেশনে যা আমাদের ভুল–ত্রুটি হয় সেটা ধরিয়ে দেন আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা।’ এই ভালো লাগাটুকু মাঠের লড়াইয়ে অনুবাদ করতে মুখিয়ে মেয়েরা। প্রীতিও বলেন, সিডনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের পরের অনুশীলনে খুটিয়ে খুটিয়ে তাদের চর্চা পরখ করছেন কোচ। ‘আলহামদুলিল্লাহ ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি, তো ওখানে যা ভুল–ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরাই দেওয়ার চেষ্টা করেছেন।’ ‘ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ১–১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।’ ফিজিও ইস্যুতে কিছুটা ছন্দপতনের কবলে পড়েছিল দল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও এপেনডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে খোদ বাফুফে সভাপতি তাবিথ আওয়ালও উষ্মা প্রকাশ করেছিলেন। অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে দিয়ে সেই শূন্যতা পূরণ করেছে বাংলাদেশ। নতুন ফিজিওর সাথে কাজ করতে সমস্যা হচ্ছে না বলে জানালেন প্রীতি। ‘মানিয়ে নিতে কোনো কষ্ট হচ্ছে না। এখানে হচ্ছে, আমাদের ফিজিও তো ছিলেন, তো উনি (জাকিয়া রহমান) অসুস্থ হয়ে গেছেন একটু, তো ওনার সার্জারি হয়েছে, তো সে জন্য আসতে পারেন নাই। তো এখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানিয়ে নিতে পারছি।’












