অস্ট্রেলিয়ার গরমে অস্বস্তি অনুশীলনে খুশি আলপিরা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়াতে ফেব্রুয়ারির গরম আবহাওয়ায় মানিয়ে নিতে বেগ পাচ্ছে বাংলাদেশের আফঈদাঋতুপর্ণারা। তবে প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না দলের মেয়েরা। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পাওয়া আলপি আক্তার জানিয়েছেন, গরমের মধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন আটঘাঁট বেঁধে। আগামী রোববার অস্ট্রেলিয়ায় শুরু হবে উইমেন’স এশিয়ান কাপের এবারের আসর। আসর শুরুর একদিন পর প্রবল প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচ দিয়েই গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আলপিদের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ৬ ও ৯ মার্চে। আসর শুরুর সময় ঘনিয়ে আসছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে সোমবার খুবই ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমের পাঠানো ভিডিও বার্তায় আলপি জানিয়েছেন, টিম হোটেল, অনুশীলনের ভেন্যু কাছাকাছি হওয়ায় প্রস্তুতি নেওয়া সহজ হচ্ছে তাদের জন্য। আলপি বলেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে না। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এখানেই মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’ সাফ অনূর্ধ্ব১৯ টুর্নামেন্টে ৭ গোল করে নিজের সামর্থ্য দেখান আলপি। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ফুটবল লিগে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আলপি। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন সিনিয়র দলের অনুশীলনে নিজেকে মানিয়ে নিচ্ছেন এই ফরোয়ার্ড। লিগের আলো ঝলমলে পারফরম্যান্সের সুবাদে এই তরুণ ফরোয়ার্ড জায়গা পান এশিয়ান কাপের চূড়ান্ত দলে। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার হাতছানিতে দারুণ রোমাঞ্চিত তিনি। আরো বলেন,‘আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অনুশীলন করে। ভালো লাগছে আপুদের সঙ্গে অনুশীলন করতে পেরে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’ সিডনির প্রস্তুতি পর্ব শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। প্রস্তুতিতে কিছু সীমাবদ্ধতা থাকলেও সিডনির অনুকূল পরিবেশে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে দল। এখন মাঠের পারফরম্যান্সই বলে দেবে, বড় মঞ্চে কতটা লড়াই দিতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল।

পূর্ববর্তী নিবন্ধনারী এশিয়ান কাপে ‘নতুন ইতিহাস’ গড়ার লক্ষ্য জাপানের
পরবর্তী নিবন্ধসাউথ জোন,নর্থ জোনের জয়লাভ