অভিযান ঠেকাতে ভেঙে ফেলা হয় কালভার্ট

পথ বন্ধ করে সড়কে রাখা হয় ট্রাক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গতকাল ভোর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ঠেকাতে নানাভাবে চেষ্টা করা হয়েছিল। ইতোপূর্বে চার দফা চেষ্টা করেও ভেতরে ঢুকতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গতকালও ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। তবে কোনো ধরনের গোলাগুলি বা সন্ত্রাসী তৎপরতার পরিবর্তে তারা কৌশল অবলম্বন করে। একটি ট্রাক রাস্তার উপর দিয়ে তারা পথ বন্ধ করে রাখে। এছাড়া কালভার্ট ভেঙে ফেলে। যাতে যৌথবাহিনী এলাকায় প্রবেশ করতে না পারে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে সলিমপুরের প্রবেশমুখে সাংবাদিকদের এসব কথা জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান। গতকাল ভোর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে ৪ হাজার সদস্য অংশ নেন।

পাহাড়ি ও দুর্গম এ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুদ এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আত্মগোপনের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান বলেন, জঙ্গল সলিমপুরে ছিন্নমূল ও আলীনগর নামে দুটি গ্রাম রয়েছে। ছিন্নমূলের পর আলীনগর এলাকায় প্রবেশের মুখে একটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল। ট্রাক সরিয়ে সামনে এগোলে দেখা যায় একটি কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। পরে সেটি অস্থায়ীভাবে ভরাট করে যৌথ বাহিনীর গাড়ি আলীনগরে প্রবেশ করে। তিনি বলেন, এটি বড় ধরনের অভিযান হওয়ায় এলাকায় সক্রিয় বিভিন্ন সোর্সের মাধ্যমে সন্ত্রাসীরা হয়তো আগেই অভিযানের খবর পেয়ে যায়।

পুরো এলাকা ঘিরে রেখে এই অভিযান পরিচালনা করা হলেও দাগী সন্ত্রাসীদের কেউ কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার ২০৪ টন ডিজেল
পরবর্তী নিবন্ধএই দিনে