অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা

লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা হচ্ছে। যা আইনবিরোধী ও পরিবেশের জন্য ক্ষতিকর। এখন থেকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ইতোমধ্যে প্রশাসন অভিযান শুরু করে দিয়েছেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, তার জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় সামাজিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। উপজেলার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। যাতে সবাই মিলে সমন্বিতভাবে একটি পরিস্কার, স্বাস্থ্যকর ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর জামায়াতের আমির অধ্যাপক জালাল আহমদ, সেক্রেটারি ডা. আকতার আহমদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম, মাওলানা আকতার কামাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসক পেল বিএসবিআরএ
পরবর্তী নিবন্ধশীঘ্রই কালুরঘাট সেতু নির্মাণ করা হবে