অপহরণ থেকে বাঁচতে পালানোর চেষ্টা, গুলিবিদ্ধ যুবক

টেকনাফের বাহারছড়া

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতচক্র কর্তৃক অপহরণকালে পালানোর চেষ্টা করায় সৈয়দ আলম (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পাহাড়ি অপহরণকারী একটি দল সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা করে। এসময় তিনি তাদের কবল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে অপহরণকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বাহারছড়া বড় ডেইল এলাকায় যুবক সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা করা হয়। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনি আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাহাড়ি সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুনে চালু হবে ই-হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধজেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন