অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে

ঢাকায় বৈঠকের পর সার্জিও গর

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক থেকে বেরিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সএ এক পোস্টে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্রবাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। খবর বিডিনিউজের।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আস গর ঢাকায় পা রাখেন বৃহস্পতিবার দুপুরে। তিনি গেল সেপ্টেম্বর থেকে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন এই মার্কিন কূটনীতিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে, যেতে পারেন রোহিঙ্গা ক্যাম্পেও। ২০২৫ সালের অগাস্টের শেষে সার্জিও গরকে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বর্ণনা করেন ট্রাম্প। ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার ২০২৪ সালের নির্বাচনি প্রচারে কোটি কোটি ডলার তুলেছেন সার্জিও গর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মনে করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও খেলাধুলাকে সমন্বয় করে মেধাবী প্রজন্ম গড়ে তোলাই লক্ষ্য
পরবর্তী নিবন্ধ১০ হাজার নিবন্ধনের মাইলফলক ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে