ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ৫ম রাউন্ডে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ঢাকা দক্ষিণের বিপক্ষে খুলনা বিভাগ ৫২ রানে এগিয়ে গেছে। খুলনা তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে। এর আগে ঢাকা দক্ষিণ প্রথম ইনিংসে ২৫১ রান সংগ্রহ করেছিল। খুলনার ইনিংসে তরফদার সাদিক ১০৯ রান করেন। এছাড়া শাওন রহমান ৯১ রান সংগ্রহ করেন। ঢাকা দক্ষিণের আদম ফকির ৮৪ রানে ৫ উইকেট পান। স্বপ্ন দাশ পান ২ উইকেট।
হাটহাজারিস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে খেলায় দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগ ১৩০ রানে এগিয়ে আছে। রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৯৮ রান করে। জবাবে বিকেএসপি তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৮২ রান। রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১১৪ রান তুলেছে। বিকেএসপির আলী রাফি ২৮ রান দিয়ে ৫ উইকেট দখল করেন।












