অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের ৫ম রাউন্ড শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ৫ম রাউন্ডের খেলা গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী খেলার প্রথম দিনে খুলনা বিভাগ ঢাকা দক্ষিণের বিপক্ষে ২০৪ রানে পিছিয়ে আছে। খুলনা টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ঢাকা দক্ষিণকে। ঢাকা দক্ষিণ প্রথম ইনিংসে দুই ব্যাটারের অর্ধশতে ২৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আপন চৌধুরী ৬১ এবং আলিফুর রহমান ৫৯ রান করেন। খুলনা বিভাগের পক্ষে আজান খান, ফরিদুজ্জামান এবং ওমর ফারুক ২টি করে উইকেট নেন। খুলনা বিভাগ প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে।

হাটহাজারিস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠের খেলায় প্রথম দিনে বিকেএসপি ১৩২ রানে পিছিয়ে আছে রংপুর বিভাগের বিপক্ষে। টসে জিতে রংপুর বিভাগ প্রথমে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে ১৯৮ রান করে তারা সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক আবু সাইয়িদ সর্বোচ্চ ৮২ রান করেন। বিকেএসপির হয়ে ৩টি করে উইকেট নেন তাফসান উদ্দিন তামিম এবং ইমরান হোসেন। ২টি করে উইকেট পান মোবাসসির ইসলাম মুনিম এবং সিয়াম খান। বিকেএসপি জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে। রংপুরের পক্ষে শহিদুল ইসলাম শহিদ ২ উইকেট লাভ করেন। আজ খেলার দ্বিতীয় দিন।

পূর্ববর্তী নিবন্ধনামিবিয়াকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে পাকিস্তান
পরবর্তী নিবন্ধঅপরাজিত থেকে সুপার এইটে দ. আফ্রিকা