অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব ঢাকায় এপ্রিলের প্রথম সপ্তাহে

এতে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১২:০১ অপরাহ্ণ

তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় গতবছরের ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এতে দেশের সব ৬৪টি জেলা অংশ নিয়েছে। বাফুফের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় দেশের ৮টি ভিন্ন ভেন্যুতে। ঝিনাইদহ ভেন্যু থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিযোগিতাটি। ঝিনাইদহ ছাড়াও রাজবাড়ী, রংপুর, পিরোজপুর, সিরাজগঞ্জ, জামালপুর,সিলেট ও বান্দরবান ভেন্যুতে প্রাথমিক পর্ব শেষ হয়েছে। ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করে আয়োজন করা হয় এই চ্যাম্পিয়নশিপ। জোনগুলোর নাম রাখা হয়েছে দেশের প্রধান নদীর নামেচিত্রা, ধলেশ্বরী, কর্ণফুলী, তিস্তা, কীর্তনখোলা, পদ্মা, শীতলক্ষ্যা ও সুরমা। প্রতিটি জোনে ৮টি দল অংশগ্রহণ করেছে, যা আবার দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জোনাল সেমিফাইনাল ও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতিমধ্যে শেষ হওয়া ৮ জোন হতে ৮ টি জেলার অনূর্ধ্ব১৭ দল চূড়ান্ত পর্বে খেলার টিকিট কনফার্ম করেছে। জেলাগুলো হচ্ছে কর্ণফুলী জোনে চট্টগ্রাম, সুরমা জোনে মৌলভীবাজার,তিস্তা জোনে নীলফামারি জেলা পদ্মা জোনে সিরাজগঞ্জ, শীতলক্ষ্যা জোনে জামালপুর জেলা, কীর্তনখোলা জোনে পিরোজপুর, ধলেশ্বরী জোনে রাজবাড়ী এবং চিত্রা জোনে মাগুরা জেলা।

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য ৮টি জোনের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেবে। চূড়ান্ত পর্বে আবার দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল ও সেমিফাইনালে বিজয়ী দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধপাকিস্তান সিরিজে যেসব প্রাপ্তি দেখছেন অধিনায়ক মিরাজ