আনোয়ারায় অনলাইন ফ্রি ফয়ায়ার গেম খেলতে মোবাইল এমবির টাকা না পেয়ে নিজ মাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ছেলের হাতে থাকা একটি দা কেড়ে নিতে মায়ের সাথে ধস্তাধস্তি হওয়ার একপর্যায়ে মায়ের উপর হাত তুলেন ওই কিশোর ছেলে। এছাড়া ছেলেকে টাকা দেওয়ার সম্মতি দিলেও শান্ত হয়নি ছেলে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে নিন্দার ঝড় উঠেছে। মন্তব্যের ঘরে অনেকেই অভিযুক্ত জাবেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহল এই ঘটনাকে বর্তমান যুবসমাজের মাদক ও অনলাইন গেম আসক্তির এক ভয়াবহ পরিণতি হিসেবে উল্লেখ করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের কালা গাজীর বাড়ির মৃত এয়াকুবের ছেলে মোঃ জাবেদুল ইসলাম (১৭)। ছয় বছর আগে বাবার মৃত্যুর পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে জীবনযাপন করছে মা। এরমধ্যে ছেলে জাবেদ আসক্ত হয়ে পড়ে ফ্রি ফায়ার গেমে। গেম খেলতে এমবির টাকার জন্য সবসময় মা-বোনের সাথে গালাগালি ও মারধর করে আসে কিশোর ছেলে।
সর্বশেষ গত বুধবার (৮ এপ্রিল) বিকালে গেম খেলতে এমবি কিনতে টাকার জন্য বোনের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে থাকা দা নিয়ে পুরো ঘর কোপাতে চাইলে মা বাধা দেই। পরে মা’কে মারধর করেন ছেলে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, ভাইরাল হওয়া জাবেদ দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত। বিভিন্ন সময় গেম খেলতে এমবির টাকা না পেয়ে তার মা ও বোনকে মারধর করে আসে। সমাজের মুরব্বিরা যতক্ষণ শাসন করে ততক্ষণ ভাল থাকে, এরপর আবারও উশৃংখল হয়ে পড়ে।
ভুক্তভোগী মা মরিয়ম বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আত্মীয়স্বজন থেকে কিছু টাকা পেলে তা দিয়ে কোনোরকম সংসার চলে। এরমধ্যে এক মাত্র ছেলেটি কাজকর্ম করে না। উল্টো গেম খেলতে এমবির টাকার জন্য মা ও বোনকে মারধর করে। এতে চরম শঙ্কায় রয়েছে মা ও বোনরা৷
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গেমে আসক্তির বিষয়টিই মারধরের মূল কারণ হিসেবে সামনে এসেছে। আজ সন্ধায় অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।












