সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়ার তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে যোগদানের কথা জানিয়েছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
প্রসঙ্গত, গত বছরের (২০২১ সালের) ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। এরপর থেকে চেয়ারম্যন পদে রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম। প্রায় সাড়ে চার মাসের মাথায় বোর্ডের সর্বোচ্চ পদটিতে (চেয়ারম্যান) নিয়মিত পদায়ন হিসেবে নিয়োগ দিল মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ায় নিয়মিত চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গলবার শিক্ষাবোর্ডে যোগ দিচ্ছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর মুস্তফা কামরুল আখতার চর্তুদশ বিসিএস’র (শিক্ষা) কর্মকর্তা। ১৯৯৩ সালে স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু। পর্যায়ক্রমে আরো বিভিন্ন কলেজে শিক্ষকতার পর ২০১৭ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। তখন থেকে সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকতার পাশাপাশি লেখালেখির সাথেও যুক্ত আছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। ২০১৮ সালে ‘অদৃশ্য দেশলাই’ নামে তাঁর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর মাধ্যমেই তাঁর লেখালেখির হাতেখড়ি বলে জানিয়েছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।












