চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামালুর রহমান খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মোমিন কর্তৃক নুর হোসাইন নামে এক প্রভাষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল শনিবার কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ করতে দেখা যায়। ঘটনার সুষ্টু বিচারের দাবিতে ক্লাস বর্জন করছে বলে জানান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিনয় মিত্র। যতদিন এর সুষ্ঠু বিচার হবে না ততদিন তারা ক্লাস বর্জন করে যাবেন বলেও জানান ওই শিক্ষার্থী।
জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের অডিট কমিটির সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর হোসাইন। তিনি জানান, আমি অডিট কমিটির সদস্য হিসেবে আমাকে পুরো হিসাব বুঝিয়ে দিতে হয়। তাই আমি অধ্যক্ষ মহোদয়ের নিকট প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চাইলেও তিনি পুরোপুরি হিসাব কোনো সময় দেননি। উনি যেভাবে বলবেন, যেভাবে হিসাব দিবেন, তাতেই আমাকে স্বাক্ষর করে দিতে হবে বলে জানান। গত ৪ আগস্ট দুপুরে এ বিষয়ে অধ্যক্ষের সাথে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন এবং জুতাপেটা করে কলেজ থেকে বের করে দেয়ার হুমকি দেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবদুল মোমিন জানান, আমার বিরুদ্ধে প্রভাষক লাঞ্ছনার বিষয়টি মিথ্যা। অডিট কমিটির সদস্য হিসেবে প্রভাষক নুর হোসাইন গত জুন-জুলাই মাসের হিসাব নিরীক্ষা করেন এবং ব্যয়ের হিসাব ঠিক থাকায় তাতে স্বাক্ষরও করেন। কিন্তু আয়ের হিসাবে গিয়ে তিনি সাবেক ছাত্রদের সনদ এবং প্রশংসাপত্র থেকে আয়কৃত টাকার রশিদ এবং ছাত্রদের যাচাই করতে হবে বলে জানান। অথচ ওই খাতের ২৮ হাজার ৯শ টাকা খাতায় সঠিকভাবে লেখা আছে। ১ ঘণ্টার একটি হিসাবকে তিনি বিগত ২ দিন ধরে নিরীক্ষা করার পরও বিষয়টি যাচাই করতে হবে বলে সময়ক্ষেপন করতে চান। পরে বিষয়টি উনাকে ক্লিয়ার করা হবে বললেও তিনি উল্টো উচ্চস্বরে আমার সাথে কথা বলতে শুরু করেন। এখানে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান অধ্যক্ষ।
উক্ত ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার কথা জানিয়ে একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় বলেন, কলেজের অডিট ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে অধ্যক্ষ আবদুল মোমিন ও অডিট কমিটির সদস্য প্রভাষক নুর হোসাইনের মধ্যে ঝামেলা হয়। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি এটার একটা সুষ্ঠু সমাধান হবে। কলেজ গভর্নিং বডির সভাপতি অসুস্থ থাকায় এখনই বিষয়টি নিয়ে বসা সম্ভব হচ্ছে না। আগামী শনিবার বিষয়টি নিয়ে একটি বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে এবং ওই বৈঠকে যে দোষী হবে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।











