অধিনায়ক মিরাজ ফিরছেন সাত নম্বরে

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের সবশেষ ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে নেমেছিলেন ৯ নম্বরে। ওই সিরিজের আগের দুই ম্যাচে খেলেছিলেন তিনি ছয়ে। ওই সিরিজের আগের সময়টায় খেলেছেন পাঁচ, তিন ও চার নম্বরে। ক্যারিয়ারজুড়েই এমন ওঠানামার মধ্যে থাকতে হয়েছে তাকে। ওপেনিং থেকে শুরু করে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের অভিজ্ঞতা তার আছে। তবে এখন একটি পজিশনে থিতু হতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেই তাড়নায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি ফিরছেন সাত নম্বরে। ওয়ানডেতে মিরাজের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা ছিল সবসময়ই। নানা সময়ে চেষ্টা করা হয়েছে তাকে নানা ভূমিকায় কাজে লাগাতে। সবচেয়ে বেশি ব্যাট করেছেন আট নম্বরে, এরপর সাতে। তবে অধিনায়ক হওয়ার পর মূলত মিডল অর্ডারেই ব্যাট করছিলেন তিনি। নেতৃত্বের ১৩ ইনিংসের ১২টিতে ব্যাট করেছেন চারপাঁচছয়ে। কিন্তু পারফরম্যান্সে পড়েনি প্রত্যাশার প্রতিফলন। এমনিতে অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় (৩২.৫৮) অন্যান্য সময়ে ব্যাটিং গড়ের চেয়ে (২২.৯৩) চেয়েও ঢের ভালো। কিন্তু সমস্যা তার খেলার ধরনে। নেতৃত্ব ছাড়া তার স্ট্রাইক রেট ৭৭.৪২, এই সময়ের ওয়ানডে ক্রিকেটে যা ঠিক গ্রহণযোগ্য নয়। সেখানে অধিনায়কত্বে তার স্ট্রাইক রেট নেমে হয়েছে ৭২.৪০। সময়ের দাবি মেটাতে পারছিলেন না বলেই তার ব্যাটিং ও পজিশন নিয়ে প্রশ্ন উঠছিল ক্রমাগত। সেটিরই সমাধানের আশায় এখন তিনি ফিরছেন লোয়ার মিডল অর্ডারে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরোনো পজিশনের সাফল্য আর দলের চাওয়া মিলিয়েই তার পজিশনের এই পরিবর্তন। ‘বাংলাদেশ দলে প্রতিটি পজিশনেই ব্যাটিং করেছি এবং নিজেও উপলব্ধি করেছি যে, আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি কার্যকর হবে দলের জন্য এবং দল ফল পাবে। যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, ৯ বছর একই পজিশনে খেলেছি, ৮ নম্বরে ব্যাটিং করেছি, ওখানে আমার অভিজ্ঞতা আছে এবং ওখান থেকে অনেক ম্যাচ বোলারদের সাথে এগিয়ে নিয়েছি এবং ম্যাচও জিতিয়েছি এরকম অনেক ইনিংস আছে। সেজন্য চিন্তা করেছি যে, যেহেতু আমার অভিজ্ঞতা আছে বোলারদের সাথে খেলার, যদি সাত নাম্বারে ব্যাটিং করি, দলের জন্য সহায়ক হবে। টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক, হয়তো অনেক স্কোর পেয়েছি, কিন্তু অনেক সময় বাংলাদেশ দল জেতেনি। কাজেই আমার কাছে মন হয়, এটা একটা উপযুক্ত পজিশন আমার জন্য, সাত নম্বর।’ দলের প্রয়োজনেই নানা সময়ে বিভিন্ন পজিশনে খেলেছেন বলে দাবি তার।

এখনও তিনি প্রাধান্য দিচ্ছেন দলকেই। ‘আগে তো দলের প্রয়োজনে আমাকে বিভিন্ন পজিশনে খেলিয়েছে এবং আমি দলের প্রয়োজনই খেলেছি। আমাকে যখন বলা হয়েছিল যে ওপেন করতে হবে, ওপরে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু দলই অগ্রাধিকার ছিল এবং সেজন্য আমি রাজি হয়েছি। নিজের চিন্তা করিনি তখন।’ শুধু নিজের পজিশনই নয়, গোটা দলের ব্যাটিং অর্ডারেই দলের সাফল্যের রেসিপি খোঁজা হবে বলে জানান অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধপাইরেটস অব চিটাগং ও সিএসসিএল ফাইনালে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে তিন অভিষিক্ত নিয়ে পাকিস্তান