অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো গাউন থেকে মুক্তি

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন থেকে মামলা পরিচালনাকালে আইনজীবীদের কালো কোট ও গাউন এবং বিচারকদের গাউন পরিধান করতে হবে না। প্রধান বিচারপতির আদেশে হাই কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বিচারক পরিধেয় পোশাকের বিষয়ে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, সেক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

অন্যদিকে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিজ্ঞ আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/ কালো টাই পরিধান করবেন, সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তাহেরের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
পরবর্তী নিবন্ধতামিমের নেতৃত্বে বিসিবির নতুন অ্যাডহক কমিটি