অটোরিকশা থেকে বাঁচতে লাফ, বাইকের ধাক্কায় ২ মৃত্যু

কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকার ঘটনা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সাবমেরিন স্টেশন এলাকায় মোটরসাইকেল ও পথচারীর সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়াকাটকা এলাকার ফরিদুল আলমের ছেলে কামাল উদ্দীন (৩৫) এবং শহরের কলাতলী এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক কামরুল ইসলাম (১৮)

ওই এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ জানান, কামাল উদ্দীন সাবমেরিন স্টেশন এলাকার একটি বাড়িতে পরিষ্কারপরিচ্ছন্নতার কাজ করছিলেন। দুপুরে চা পানের উদ্দেশ্যে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার সামনে পড়ে যান তিনি। অটোরিকশা থেকে নিজেকে রক্ষা করতে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার প্রচণ্ড ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক কামরুল ও পথচারী কামাল দুজনেই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা জানালেন আজহারী
পরবর্তী নিবন্ধএলসিএল কার্গো দ্রুত ডেলিভারি নিতে দুই ব্যবসায়ী সংগঠনকে বন্দর কর্তৃপক্ষের চিঠি