অজ্ঞান পার্টি হাতিয়ে নিল গরু বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

কোরবানির বাজারে বর্গা গরু বিক্রি করে মালিকের কাছে টাকা নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আজিম নামের এক খামারির কাছ থেকে অজ্ঞান পার্টির ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৮ জুন) সকালে আনোয়ারা সদরের পল্লীবিদ্যুতের সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মোহাম্মদ আজিম বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের নুর হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, শিলাইগড়ার গ্রামের মো. ওসমানের নিকট থেকে গরু বর্গা হিসেবে পালন করে আজিম। মঙ্গলবার রাতে গরুটি ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে বিক্রয়ের টাকা বুধবার সকালে গরুর মালিক ওসমানের কাছে নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব টাকাগুলো হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আনোয়ারা সদরের পল্লীবিদ্যুতের সাব স্টেশনের সামনে সঙ্গাহীন অবস্থায় আজিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাথী দেবী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।

তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শাহীদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইয়ং পাওয়ার ক্লাবের সম্মাননা প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকিশোরকে গুলি করে হত্যার পর উত্তাল ফ্রান্স : ঠিক কী ঘটেছিল সেদিন