একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, একটা আলোকচিত্র হাজারো অধিক শব্দের কথা বলে। শুধু তা’ নয় আলোকচিত্র বা ফটোগ্রাফি সময়ের সীমারেখা ও ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে দূরকে করে তুলে অত্যন্ত আপন। এটি মানুষের আবেগ, মুহূর্ত এবং বাস্তবতাকে সংক্ষিপ্ত পরিসরে বন্দী করে। বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে আলোকচিত্রের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ছবি মুহূর্তে পরিষ্কার ও তীক্ষ্ণভাবে দেখা সম্ভব হচ্ছে। আলোকচিত্রের এই জাদু সময়ের ও স্মৃতির অংশ হিসেবে অজানাকে জানার সুযোগ তৈরি করে দেয়।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারিতে গতকাল ৩১ জানুয়ারি চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি এডহক কমিটির উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এম এ মালেক এ অভিমত ব্যক্ত করেন। এডহক কমিটির সভাপতি সংগঠক ও প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম এবং সোসাইটির সাবেক সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব বাসব শীল। অনুষ্ঠানে সিপিএস এর নবগঠিত ২০২৬–২০২৭ দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি আন্তর্জাতিক খ্যাত আলোকচিত্রী শোয়েব ফারুকী অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সোসাইটির সাবেক সভাপতি লায়ন ম. শওকতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সোলেমান সায়মন, সাবেক প্রচার ও যোগাযোগ সম্পাদক মিহির চক্রবর্তী, আলোকচিত্রী রূপম চক্রবর্তী, নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিনিয়র সদস্য রহমত উল্লাহ স্বপন।
বাচিকশিল্পী ও লেখক রেবা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে এডহক কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সদস্যদের উত্তরীয় পরিধানের মাধ্যমে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালেক। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও পুস্পস্তবক প্রদান করেন যথাক্রমে অনুষ্ঠানের সভাপতি আমিনুর রশীদ কাদেরী ও সদস্য সচিব বাসব শীল। –প্রেস বিজ্ঞপ্তি।












