মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রিতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রি কমানোর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে পূর্বের মতো ২৫ শতাংশ নয়, বরং গড় বিক্রি থেকে ১৫ শতাংশ কমিয়ে বরাদ্দ দেওয়া হবে। ফিলিং স্টেশনভিত্তিক নির্ধারিত বরাদ্দ চার্ট অনুযায়ী এসব জ্বালানি সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।









