৭ দিন পর ভাসল রাঙামাটির ঝুলন্ত সেতু, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

টানা সাত দিন কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত থাকার পর ভাসল ‘সিম্বল অব রাঙামাটি’খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু। গতকাল শনিবার থেকে সেতুটি পর্যটক ও স্থানীয়দের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৯ আগস্ট দুপুরের দিকে বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে পানিতে নিমজ্জিত হয় ঝুলন্ত সেতুটি। এরপর গত এক সপ্তাহ ধরে পানিতে নিমজ্জিত ছিল সেতুটি। তবে গত শুক্রবার সেতুর পাটাতনে পানি ছুঁইছুঁই থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের সেতুতে ভ্রমণ করতে দেখা গিয়েছে।

মূলত: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ধারণ সক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল) তবে হ্রদে পানির পরিমাণ ১০৫ ফুট এমএসএলের অধিক হলে ডুবে যায় ঝুলন্ত সেতুর পাটাতন।রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দুপুর ১টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ১৮ ফুট এমএসএল। এতে করে যে কোনো সময় ভারি বৃষ্টি হলে আবারও পর্যটন ঝুলন্ত সেতুটি ডোবার আশঙ্কা রয়েছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেঙের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, গতকাল সকালের দিকে সেতু থেকে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর দুপুর ১২টা থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পর্যটকদর্শনার্থীগণ এখন টিকেট কেটে সেতুতে ভ্রমণ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংকট তৈরি করেছে
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত আটক