ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারের তথ্য উঠে আসায় বিষয়টি নিয়ে নিজেই কথা বলেছেন তিনি। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কারকাজে অনুদান দিতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।
নিপুণ রায় বলেন, তার ঘোষিত ৫০২ ভরি স্বর্ণালংকার নতুন কিছু নয়। বিয়ের আগে–পরে এবং পরবর্তী সময়ে আমার পরিবার ও শ্বশুরবাড়ির আত্মীয়–স্বজন, বন্ধুবান্ধবের কাছ থেকে পাওয়া উপহার হিসেবেই এগুলো এসেছে। তিনি জানান, ২০২৪ সালে আয়কর রিটার্নেও এসব সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছিল। বর্তমান বাজারমূল্য বিবেচনায় স্বর্ণালংকারসহ অন্যান্য ধাতুর মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন বলেও জানান। খবর বাংলানিউজের।
পাশাপাশি নিজের ফ্ল্যাট, দুটি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক ঋণের বিষয়ও হলফনামায় তুলে ধরেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেত্রী।
নিজের আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, একটি গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক ঋণ নিয়েছিলেন, যা পরবর্তীতে পরিশোধ করেছেন। বর্তমানে তার প্রায় ৫০ লাখ টাকার কার লোণ এবং ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণ রয়েছে, সেটিও তিনি গোপন করেননি।














