৫০০০ চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবরের সকাল থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পরীক্ষার ফি নির্ধারণ রয়েছে ২০০ টাকা। খবর বিডিনিউজের।

লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর ধরে গতকাল বৃহস্পতিবার বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৪ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে পৃথক পৃথকভাবে ২০ নম্বর করে থাকবে আর মানসিক দক্ষতা গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। আর ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে থাকবে আরও ১০০ নম্বরের প্রশ্ন।

সবশেষ স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয় সেবার।

পূর্ববর্তী নিবন্ধওমানে হামলার শিকার জাহাজের বাংলাদেশি প্রধান প্রকৌশলী হাসপাতালে
পরবর্তী নিবন্ধচেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার