২০ তরুণ-তরুণী আটক হোটেল সিলগালা

পারকিতে আবাসিক হোটেলে অভিযান

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারার পারকি সৈকতের সী-ভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ২০ জন তরুণ-তরুণীকে আটক করেছে। অসামাজিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে হোটেলটি সিলগালা ও হোটেলের ৩ পরিচালকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় কর্ণফুলী থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে। জানা যায়- আটককৃতদের অধিকাংশ শিক্ষার্থী। এদের বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, ওরা বয়সে সবাই বিশ’র মধ্যে। যার কারণে এ বিষয়ে কোন মামলা হয়নি। আটককৃতদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে হোটেলটি সিলগালা করা হয়েছে। তিনি বলেন-পারকি বীচের সী-ভিউ হোটেলটি আবাসিক হিসেবে পরিচালিত হয়ে আসছে। গোপন সংবাদে জানা যায়, দিনের বেলা পারকি সৈকতে বেড়াতে আসা কিছু শিক্ষার্থী ও তরুণ-তরুণী এ হোটেলে বিশ্রামের নামে অনৈতিক কর্মকান্ডে মিলিত হয়। আর মোটা অংকের টাকা নিয়ে হোটেল কর্তৃপক্ষ এ অনৈতিক কাজ করার সুযোগ দেয়। খবর পেয়ে গতকাল হোটেলটিতে অভিযান করা হয়। এ সময় ২০ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্ক ও পূর্ব পরিচয়ের সূত্র ধরে পারকিতে বেড়াতে আসে। কর্ণফুলী থানা সূত্রে আরো জানা যায়, আটককৃতদের ৮ জনের বাড়ি আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে,৪ জনের বাড়ি বাঁশখালী, ২জনের বাড়ি চন্দনাইশ ও বাকী ৬ জনের বাড়ি বিভিন্ন উপজেলায়।
জানা যায়, আনোয়ারার গুন্ধিপ গ্রামের আলী নামের এক ব্যক্তি আবাসিক হোটেলটির মালিক। তিনি চট্টগ্রামের মো. ফারুক, কুমিল্লার মো. জাফর ও গোপালগঞ্জের মো. শাকিল নামের ৩ ব্যক্তির কাছে হোটেলটি মাসিক ভাড়ার ভিত্তিতে চালানোর জন্য দেন। তারা সী-ভিউ আবাসিক হোটেল নাম দিয়ে যৌথভাবে হোটেলটি পরিচালনা করেন। তাদের মধ্যে ফারুক বর্তমানে জেলে রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, পারকি সী-ভিউ আবাসিক হোটেলটি ২ বছর আগে উদ্বোধনের পর থেকে বিভিন্ন সময় পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে একধিকবার জরিমানা ও সিলাগালা করেছিল। পরবর্তীতে মুচলেকা দিয়ে তারা আবার হোটেলটি চালু করে। হোটেলটির মালিকানাও কয়েকবার পরিবর্তন হয়েছে। কিন্তু গত ১ বছর ধরে এমনকি করোনাকালেও হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে। এতে স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে কর্ণফুলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে সী-ভিউ আবাসিক হোটেলের ম্যানেজার রিপন আলম জানায়, আবাসিক হোটেলে রাতের বেলা বেড়াতে আসা তরুণ-তরুণীদের নাম রেজিস্ট্রারে এন্ট্রি করা হয়। তবে দিনের বেলায় বিশ্রামের নামে যারা হোটেলে অবস্থান নেয় তাদের নাম আলাদা ফরমে লিপিবদ্ধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেপ্তার