২০৫০ সালের মধ্যে রাবার উৎপাদন ২ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা

সেমিনারে রাবার বোর্ডের চেয়ারম্যান সারওয়ার জাহান

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব) বলেন, রাবার চাষের মাধ্যমে দেশের ক্রমবর্ধনশীল চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। রাবার থেকে প্রায় ৪৬ হাজারের বেশি পণ্য উৎপাদিত হয়। ২০৫০ সালের মধ্যে রাবার উৎপাদন ২ লাখ টনে উন্নীত করার পরিকল্পনায় বাংলাদেশ রাবার বোর্ড কাজ করছে।
রাবার চাষে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি এসব ফিনিশড প্রোডক্ট উৎপাদনে এগিয়ে আসার জন্য নারী উদ্যোক্তাদের আহ্‌বান জানান তিনি। গতকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে ‘রাবার চাষ ও রাবার শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে নারী উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ রাবার বোর্ড’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি একথা বলেন। জুম প্লাটফর্মে আয়োজিত উক্ত সেমিনারে তিনি বাংলাদেশে রাবার চাষের সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশ রাবার বোর্ড প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। বাংলাদেশে রাবার চাষে সরকারের অন্যতম সহযোগী সংস্থা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. মোকছেদুর রহমান বলেন, বিএফআইডিসির কারখানার প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সবই পুরনো আমলের। রাবার চাষে সম্পৃক্তদের প্রফেশনাল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সীমিত। বাংলাদেশ রাবার বোর্ড রাবার প্রশিক্ষণ ইন্সটিটিউট তৈরির উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশে রাবার খাত সমৃদ্ধ হবে। চিটগাং উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নারী উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। বাংলাদেশ রাবার বোর্ডের সাথে চিটাগাং উইম্যান চেম্বারের এই আলোচনা মাইলফলক হয়ে থাকবে। নারী উদ্যোক্তাদের জন্য তিনি শীঘ্রই একটি ওয়ার্কশপ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন। যেখানে তাদেরকে রাবার চাষের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবার বোর্ডের সচিব (অঃ দাঃ) বিদর্শী সম্বৌধি চাকমা। উক্ত সেমিনারে চিটাগং উইম্যান চেম্বার, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এ্যাসোসিয়েশন, আদিবাসী রাবার বাগান মালিক সমিতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিনিধিসহ রাবার বোর্ডের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইল্যান্ডের সঙ্গে মোটর বাইকের ধাক্কা, নিহত ২
পরবর্তী নিবন্ধহাটহাজারী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা জব্দ