১৮ রাষ্ট্রপ্রধানের ৭ জনের বিদায় পদত্যাগে

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছর তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন সাহাবুদ্দিন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। তবে নির্বাচিত সরকারের প্রায় সাড়ে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে মো. সাহাবুদ্দিনসহ ১৮ জন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে সাতজন বিদায় নিয়েছেন পদত্যাগ করে। খবর বিডিনিউজের।

বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। এই পদে কয়েকজন একাধিকবার নির্বাচিত হয়েছেন। সবশেষ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছিলেন অষ্টাদশ ব্যক্তি। স্বাধীনতার পর অন্তত পাঁচজন রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা থাকলেও নব্বইয়ের পর বিএনপির শাসনামলে দল মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগের ঘটনা প্রথম ঘটে। অষ্টম সংসদ নির্বাচনে বিএনপিজামায়াত জোট সরকার গঠনের পর রাষ্ট্রপতি হন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাড়ে সাত মাসের মাথায় বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিএনপির সঙ্গে দলের অনাস্থার মুখে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন বদরুদ্দোজা চৌধুরী। তার পদত্যাগের দুই যুগ পরে এবারও বিএনপির আমলে আরেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করলেন।

বদরুদ্দোজা চৌধুরী চৌধুরী ও মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রসঙ্গে সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, বিএনপি সরকারের আমলে বিএনপির রাষ্ট্রপতি পদত্যাগের ঘটনা প্রথম ২০০২ সালে। এটার একটা প্রেক্ষাপট ছিল বিএনপির সঙ্গে মতপার্থক্য। আর এবার ২০২৬ সালের পদত্যাগের প্রেক্ষাপট ভিন্ন; কারণ এবার বিএনপির মতপার্থক্যের কারণে নয়, আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ায়, এমন হল। ভিন্ন দলের হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা এবারই প্রথম বলে তুলে ধরেন তিনি।

সামরিক শাসনামলে রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট এই দুটির সঙ্গে মেলানো যাবে না, বলেন সাবেক এই আমলা। জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ রাষ্ট্রপতির পদ ছাড়েন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এইচএম এরশাদের আমলে ১৯৮২ সালে পদত্যাগ করেছিলেন বিচারপতি আবদুস সাত্তার। সাবেক সচিব আউয়াল মজুমদার বলেন, সামরিক শাসন আমলে রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনাগুলো, এগুলোর সাথে মিলবে না, এসব বিবেচনার নয়। বিশেষ করে সায়েম সাহেব, সাত্তার সাহেবকেও পদত্যাগ করতে হয়।

পরবর্তীতে বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহ্‌সানউদ্দিন চৌধুরীর পদত্যাগের ঘটনা ঘটে একই আমলে, ১৯৮৩ সালে। আহ্‌সান সাহেবকেও পদত্যাগ করতে হয়েছে, এটা ছিল আরও বিচিত্র, পৃথিবীর ইতিহাসে এমন নজির ছিল না। আহ্‌সানউদ্দিন চৌধুরীর অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল, প্রধান সামরিক প্রশাসক যতদিন সন্তুষ্ট থাকবেন উনি ততদিন রাষ্টপতি থাকবেন। এটা বিষ্ময়কর, বলেন সাবেক সচিব।

স্বাধীনতা পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে আবদুল আউয়াল মজুমদার বলেন, ১৯৭২ সালের ১২ জানুয়ারি একই দিনে তিনজন শপথ নিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে, বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম শপথ নিলেন প্রধান বিচারপতি হিসেবে। আবু সাঈদ চৌধুরী তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনিও পদত্যাগ করেছিলেন, পরে সাবেক এ রাষ্ট্রপতি বিশেষ দূত হিসেবে বিদেশে দায়িত্বও পালন করেছিলেন।

রাষ্ট্রপতি ছিলেন যারা : . শেখ মুজিবুর রহমান: ২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২। ২. সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত): ২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২। ৩. আবু সাইদ চৌধুরী: ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩। ৪. মোহাম্মদ উল্লাহ: ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫। ৫. শেখ মুজিবুর রহমান: ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ অগাস্ট ১৯৭৫। ৬. খন্দকার মোশতাক আহমেদ: ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫। ৭. আবু সাদাত মোহাম্মদ সায়েম: ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭। ৮. জিয়াউর রহমান: ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১। ৯. আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত): ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১। ১০. আবদুস সাত্তার: ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২। ১১. আবুল ফজল মোহাম্মদ আহ্‌সানউদ্দিন চৌধুরী: ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩। ১২. হুসেইন মুহম্মদ এরশাদ: ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০। ১৩. শাহাবুদ্দিন আহমদ (অস্থায়ী): ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১। ১৪. আবদুর রহমান বিশ্বাস: ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬। ১৫. শাহাবুদ্দিন আহমদ: ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১। ১৬. একিউএম বদরুদ্দোজা চৌধুরী: ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২। ১৭. মো. জমির উদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত): ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২। ১৮. ইয়াজউদ্দিন আহম্মেদ: ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯। ১৯. জিল্লুর রহমান: ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩। ২০. মো. আবদুল হামিদ (ভারপ্রাপ্ত ও অস্থায়ী): ১৪ মার্চ ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০১৩। ২১. মো. আবদুল হামিদ: ২৪ এপ্রিল ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০২৩। ২২. মো. সাহাবুদ্দিন: ২৪ এপ্রিল ২০২৩ থেকে ২৪ জুলাই ২০২৬।

পূর্ববর্তী নিবন্ধসংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার
পরবর্তী নিবন্ধ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী