হাসপাতাল থেকে সার্কিট হাউজে চুয়েট উপাচার্য, পূজার ছুটিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবরুদ্ধ দশা থেকে উদ্ধার পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে উঠেছেন। অন্যদিকে দুর্গাপূজার ছুটি উপলক্ষে খালি হচ্ছে চুয়েট ক্যাম্পাস, তবে এর মধ্যেই নিজেদের এক দফা আন্দোলনকে ‘রাজনৈতিক ট্যাগ’ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে দুপুরে সার্কিট হাউসে নেওয়া হয় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে। গত মঙ্গলবার চুয়েট উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে ও তার সাথে থাকা ছাত্রদল নেতাদের উদ্ধার করে সরাসরি চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আর চুয়েটে ফিরবেন না– শিক্ষার্থীদের এমন দাবি উপাচার্য এক ভিডিও বার্তায় ভিত্তিহীন ঘোষণা করলেও শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অধ্যাপক শরীফুল আলমকে চুয়েট উপাচার্য হিসেবে তারা মেনে নিচ্ছেন না এবং তার পুনরার আগমন ক্যাম্পাসে নতুন সংকট সৃষ্টি করবে।

এদিকে, দুর্গাপূজার ছুটি শুরুর পূর্বে গতকাল বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। আবাসিক হল ছেড়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করায় পুরো ক্যাম্পাস এখন ফাঁকা। যদিও বন্ধের মধ্যে সাময়িক কোনো আন্দোলন কর্মসূচি থাকছে না, তবে আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের ক্লাস–পরীক্ষা বর্জন ও শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

ছুটিতে যাওয়ার মুখেই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্দোলনের গতিপ্রকৃতি স্পষ্ট করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত- পাকিস্তানের চেয়ে এগিয়ে
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা