কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সোমবার ভোর ৪ টা পর্যন্ত মাথায় অস্ত্রোপচার করেও গুলিটি বের করতে পারেননি নিউরো সার্জনরা। চিকিৎসকরা বলছেন, গুলিটি শিশুটির মাথার গভীরে ঢুকে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান পরিষ্কার করে দেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ বলেন, শিশুটিকে নিউরো সার্জারির বিশেষজ্ঞ টিম অস্ত্রোপাচার করেছে। তার মাথার অভ্যন্তরে থাকা গুলিটি বের করা যায়নি। গুলিটির অবস্থান খারাপ জায়গায় হওয়াতে সার্জন আর ঝুঁকি নেননি। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকাল ১০টার দিকে হোয়াইক্যং এলাকার তেচ্ছা ব্রিজের কাছে গুলিবিদ্ধ হয় হুজাইফা। গুরুতর আহত হুজাইফা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনে বড় মেয়ে। তিন ভাই বোনের মধ্যে হুজাইফা সবার বড়। সে স্থানীয় হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।









