হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার নদীর সিপাহির ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এটি হালদায় উদ্ধার হওয়া ৪৯তম মৃত ডলফিন। জানা গেছে, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী ডলফিন। এর দৈর্ঘ্য ২৩৯ সেন্টিমিটার (৭ ফুট ১০ ইঞ্চি) এবং ওজন প্রায় ৯১ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় ৫–৬ দিন পর মৃতদেহটি ভেসে ওঠে। ডলফিনটির দেহে তীব্র দুর্গন্ধ এবং মুখ, পেট ও লেজের অংশে ব্যাপক পচন লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো–অর্ডিনেটর ড. মো. মনজুরুল কিবরিয়ার নির্দেশনায় ল্যাবরেটরির পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার এবং আইডিএফের নুরুল হাকিমের সহযোগিতায় ডলফিনটির সুরতহাল করা হয়। পরে সেটি আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে মাটিচাপা দেওয়া হয়। ভবিষ্যৎ গবেষণার জন্য ডলফিনটির দাঁত সংগ্রহ করা হয়েছে।










