হামলাকারীদের হাত থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, ৩দিন পর তরুণের মরদেহ উদ্ধার

রাউজান প্রতিনিধি

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:২৬ অপরাহ্ণ

হামলাকারীদের হাত থেকে বাঁচতে নৌকা থেকে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিনদিন পর মোহাম্মদ সাব্বির নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে হাটহাজারীর একটি ওরশে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শনিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে একটি ওরশে মেলা থেকে ফেরার সময় হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় নদী পারাপারের সময় নৌকায় একদল অন্যদলের ওপর হামলা চালায়।

আঘাতপ্রাপ্ত অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও পানির নিচে তলিয়ে যাওয়া জীবিত ফেরা সম্ভব হয়নি সাব্বিরের। তাকে উদ্ধারে রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য, নৌ পুলিশ এবং স্থানীয় শত শত মানুষ নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও উদ্ধার করতে সক্ষম হয়নি।

সর্বশেষ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে রামদাস মুন্সির হাটে একটি মাজারের ওরসে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মধ্যরাতে এক পক্ষ নৌকায় করে রাউজানের বাড়িতে ফেরার পথে অপর পক্ষ হামলা চালায়। নদীতে থাকা নৌকা টেনে ধরে সেখানে ওঠা যুবকদের মারধর করে হামলাকারীরা।

এ সময় তিনজন নদীতে ঝাপ দেন। দুই যুবক সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নামের এক তরুণ তলিয়ে যান। তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় সঙ্গে থাকা অন্যরা জানিয়েছেন। সাব্বিরের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন হাটহাজারীর রামদাস মুন্সির হাটের হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী।

তিনি জানান, নৌকায় উঠে বসার পর নিখোঁজ সাব্বিরদের নৌকাটি কিছু যুবক টেনে ধরেন কিনারে। বাকি কয়েকজন লাঠি দিয়ে পেটাতে থাকলে কয়েকজন নদীতে লাফ দেন। এমন দৃশ্য নদীর ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে। তবে হামলাকারীদের কারও পরিচয় এখনো শনাক্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজান্তার বিরুদ্ধে মামলা, পূর্ব তিমুরের দূতকে বহিষ্কার করল মিয়ানমার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ৭ কিরিচসহ গ্রেপ্তার দুই, এসআই আহত