হাটহাজারী বাজারে চুরির ঘটনা বাড়ছে। গত এক সপ্তাহে বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত সোমবার রাতে নূর সাইকেল নামে একটি দোকানে চুরির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, দোকানের পেছনে টিনের চালা কেটে প্রবেশ করছিল চোর। এ সময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখে ফেললে চুরির প্রচেষ্টা ব্যর্থ হয়।
এর আগে গত শুক্রবার রাতে গড়দুয়ারা সুপার শপ নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। বুধবার রাতে কাচারি সড়কের কনক সেনের স্বর্ণের দোকান চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দোকানের মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে গত সপ্তাহে ছিপাতলী ইউনিয়নের দুই বসতঘরে চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে পরপর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।










