হাটহাজারীতে টিসিবির পণ্য বিতরণে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গত সোমবার হাটহাজারী পুরাতন পৌরসভা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সোমবার হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে টিসিবি পণ্য বিতরণের সময় নিম্নমানের চাল সরবরাহের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিসিবি পণ্য বিতরণের সময়ে নির্ধারিত চাল না দিয়ে নিম্নমানের চাল বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ৮৩ বস্তা বা ৪১৫০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় টিসিবির রেগুলার পণ্য বা চালের সাথে জব্দকৃত নিম্নমানের চালও পাওয়া যায়। এ চাল কে বা কারা নিয়ে এসেছে কেউ স্বীকার না করায় বিষয়টি তদন্তাধীন এবং এর সাথে জড়িত ডিলার/সংশ্লিষ্টদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।










