হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাসিমনগর গ্রামে এক কৃষক পরিবারের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী নিরঞ্জন দাশ।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও তারা খাবার শেষে গোয়ালঘরে চারটি গরু বেঁধে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে নিরঞ্জন দাশের পুত্রবধূ গোয়ালঘরে গিয়ে গরু বের করতে গেলে গরু না দেখে শ্বশুরকে ডাক দেন। পরে নিশ্চিত হওয়া যায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে গোয়ালঘর থেকে চারটি গরুই চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া গরুর মধ্যে দুটি গর্ভবতী এবং বাকি দুটি গাভীর বাছুর ছিল। এসব গরুই ছিল পরিবারটির একমাত্র সম্বল। নিরঞ্জন দাশ জানান, তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে তাদের সহায়–সম্বল প্রায় শেষ হয়ে গেছে। বর্গা জমিতে চাষাবাদ করে কোনো রকমে সংসার চলছিল। একটি গাভীর বাছুর বিক্রি করে চিকিৎসার খরচ চালানোর পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু গরু চুরির ঘটনায় সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
গরুগুলোই ছিল আমাদের শেষ ভরসা। এখন আমরা একেবারেই নিঃস্ব হয়ে গেলাম, বলেন নিরঞ্জন দাশ। ঘটনার খবর স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে পরিবারটি জানিয়েছে। মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রুপেন কুমার শীল গণমাধ্যমকে গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








