চট্টগ্রামের হাটহাজারীতে এক ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতলা এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ হামলার ঘটনায় কেউ হতাহত হননি। খবর বিডিনিউজের।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘এস এম শহীদুল্লাহ রনি নামের ওই ব্যবসায়ী রাতে রাউজান উপজেলায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রথমে তার গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।’ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ইটভাটা–সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে শহীদুল্লাহ রনির ধারণা। এ ঘটনায় শহীদুল্লাহ রনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছেন।
মামলায় তিনি অভিযোগ করেছেন, আমান বাজার এলাকার বাসা থেকে রাতে রাউজানের গ্রামের বাড়িতে যাওয়ার পথে ১০ থেকে ১২ জন ‘অজ্ঞাতনামা সন্ত্রাসী’ তার গাড়িতে হামলা চালিয়ে গুলি করে। তিনি মামলায় ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগও এনেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হামলার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং মামলার অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।










