হরমুজ প্রণালি খোলা ও বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে, তা প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি নৌবাহিনীর দাবি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম–এ প্রকাশিত এক বিবৃতিতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে স্পষ্ট মিথ্যা আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর জ্বালানি পরিবহনের গুরুত্ব জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। পরে যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপ করে। খবর বিডিনিউজের। ইরান যুদ্ধের ছয় মাস পূর্ণ হয়েছে। কয়েকবার যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক অবরোধ ঘোষণা দিয়েছে। ফক্স নিউজ লিখেছে, তেলের বিশ্ববাজারকে প্রভাবিত করতেই মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে আইআরজিসি অভিযোগ করেছে। আইআরজিসি বলেছে, এই জলপথে তাদের নিয়ন্ত্রণ সুনির্দিষ্ট ও চূড়ান্ত। তেহরানের অনুমতি ছাড়া যেকোনো জাহাজের চলাচলে কড়াকড়ি পূর্ণ শক্তিতে বহাল থাকবে। যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলা বন্ধ না করা পর্যন্ত এবং চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি না মানা পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, ইরানের নৌযান চলাচলের ওপর তাদের অবরোধ বহাল রয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং সেখান থেকে মাইন অপসারণ করা হয়েছে।







