হঠাৎ কান্না করে উঠে শিশুটি, শরীরে সাপের কামড়ের দাগ, মৃত্যু

পরিবারের সদস্যরা তখন খাবার খাচ্ছিলেন

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়ায় এ ঘটনা ঘটে। সাপের কামড়ের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ ওই এলাকার মো. ওসমান আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে পরিবারের সবাই যখন খাবার খাচ্ছিলেন, তখন পাশে থাকা আব্দুল্লাহ হঠাৎ কান্না শুরু করে। এ সময় তার মা ওয়াফিকা আলিফ একটি সাপকে চলে যেতে দেখেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পেয়ে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমিতা দাশ বলেন, রাতে সাপের কামড়ে আক্রান্ত এক শিশুকে হাসপাতালে আনা হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্র জানায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়। সাপটি পদ্ম গোখরা ছিল বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকাল ১০টায় শিশুটিকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে : পাটওয়ারী
পরবর্তী নিবন্ধনৌবাহিনী পদক পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান