হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, ভূমিমন্ত্রী রক্তশূন্যতায় ভুগছেন। তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। খবর বিডিনিউজের।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থবোধ করছিলেন। মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। সকালে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

গতকাল সন্ধ্যায় নিজ ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী–৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী–৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী–৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ
পরবর্তী নিবন্ধউপকূলীয় অঞ্চল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি, তবে বাড়ছে ঝুঁকি