সড়ক দুর্ঘটনার কবলে চট্টগ্রামের এমপি, নেওয়া হলো হাসপাতালে

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪০ অপরাহ্ণ

কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সদস্য সদস্য (এমপি) নুরুল আমিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও সমর্থকরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়ীক কাজে কুমিল্লা যান সংসদ সদস্য নুরুল আমিন। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান।

তিনি আরো জানান, আমরা ওনাকে প্রথমে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি।

বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত