স্মৃতির ময়দান

রেজাউল করিম | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সকালে তরতাজা সূর্যরশ্মি, বিকেলে মুক্ত হাওয়া,

কখনো আকাশে ডানা মেলে উড়ে পাখিরা;

রাতে হিম বাতাসে নিয়নবাতির আভা ঝলমলে।

মধ্যখানে সবুজ ঘাসের মাঠ

অদূরে হরেক যন্ত্রযান ছুটছে গন্তব্যে

চারদিকে উঁচু উঁচু মস্ত ব্যস্ত দেমাগি নাগরিক দালান,

বর্ষাফলকের মতো লৌহের বেষ্টনি সদা সতর্ক,

ইটপাথরের মসৃণ রাস্তা ধাবমান।

পরিপাশ জুড়ে সাজানোগুছানো বৃক্ষরাজি

দেয় সুশীতল ছায়া

দেয় মায়া

দেয় কায়া।

গভীর রাতে নীলপরিলালপরির নৃত্যোল্লাসে

ফাগুনের উত্তাপ ছড়ায় চারদিক।

আষাঢ়শ্রাবণে কৃষ্ণমেঘের গর্জনে

সবুজ ঘাসের মাঠে যখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে,

তখন জলমগ্ন ময়দান যেন বড়ো দিঘির সমান।

হঠাৎ দৃশ্যপট পাল্টে যায়;

নাগরিক বালকদের জলে জলে জলখেলির

উচ্ছ্বাস কী অপরূপ!

নিমিষেই সকল বিরহ ব্যথা মন থেকে উবে যায়।

প্রত্যহ প্রত্যুষে থেকে প্রদোষে রাতে অসংখ্য

নারীপুরুষের শারীরিক কসরতে কসরতে,

হাঁটার মিছিলে কী উন্মাতাল এই ময়দান।

সকালেবিকেলে পায়ে পায়ে ব্যাটে বলে

কী জমজমাট এই ময়দান

নীরবে ঝরে ঘাম, ততক্ষণে হয় অবসাদের অবসান।

রাতে সবুজ ঘাসের মাঠে উদোম গায়ে

যখন একাকী হাঁটি,

তখন শান্তির স্নিগ্ধতায় দেহমন কী সজীব সপ্রাণ।

সিপাহিবিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধের কথা

ভীষণ মনে পড়ে,

আহ্‌, কতো স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক ময়দান।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিজল
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগ ও সুরক্ষা প্রসঙ্গে