সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবি,দুই জেলের মৃত্যু

নিখোঁজ আরও দুই

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জেলে হলেন, কুতুবজোম ইউনিয়নের খোন্দপাড়ার ফয়েজ আহমেদ (৬০) এবং কামিতার পাড়ার ছলিম উল্লাহর ছেলে সাইফুল করিম (৩৭)। নিখোঁজ দুজন হলেন, খোন্দকার পাড়ার নুরুল আলম (২৮) ও বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার মুহিব উল্লাহ (৫৫)। মুহিব উল্লাহ মারা যাওয়া সাইফুল করিমের শ্বশুর।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে ৮ জন জেলে গত বুধবার রাত ৯টার দিকে সাগরে মাছ ধরতে রওনা হয়। গতকাল ভোরে সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় চারজন পানিতে পড়ে যান। অন্য চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার করা মরদেহ দুটি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি চলছে।

ট্রলারের মালিক ফরিদুল আলম নিজেই এর মাঝি ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। পরপর তিনটি ঢেউ সামলাতে পারলেও চতুর্থ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় চারজন পানিতে পড়ে যান। তিনি বলেন, আমি ও অন্য তিনজন সাঁতরে তীরে উঠি। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে ট্রলারডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভোরের দিকে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ দুজনকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্র থেকে দ্রুততম সময়ের মধ্যে নগর থানা কমিটি পুনর্গঠন হবে
পরবর্তী নিবন্ধতিন শিক্ষার্থী ঘুরতে যাচ্ছিল পার্কে, স্কুলে পাঠালেন ইউএনও