সেই বাস চালক গ্রেপ্তার

খুলশী রেলক্রসিংয়ে দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে বাসের ধাক্কায় সিএনজি ও মাহিন্দ্রার সাথে ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাস চালক শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গত বুধবার মধ্যরাতে মীরসরাই উপজেলার সায়েরখালী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপলের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর খুলশী রেল গেট এলাকায় বেপরোয়া ও দ্রুত গতির ৭ নম্বর রুটের (চট্টমেট্রো- ছ-১১-১৬২৩ নম্বরের) নিউ মার্কেট থেকে ভাটিয়ারীগামী একটি মিনি বাসের ধাক্কায় সিএনজি ও ডেমু ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম ও এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীনসহ তিনজন নিহত হন। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১২টায় মীরসরাই থানাধীন সায়েরখালী বেড়িবাঁধ সমুদ্র উপকূল এলাকা থেকে বাস ড্রাইভার মোঃ শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল আলম (৪৮), মীরসরাইয়ের পশ্চিম খইয়াছড়া এলাকার মৃত-ওবাইদুল হকের পুত্র। দুর্ঘটনার পরপরই তিনি সায়েরখালীতে পালিয়ে আত্মগোপন করেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর রেলক্রসিংয়ের দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। বাস ড্রাইভার শহীদুল মীরসরাইয়ের সায়েরখালী এলাকায় অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশ ছাড়লেন মুরাদ গন্তব্য কানাডা
পরবর্তী নিবন্ধবন্দরের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত