জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় শহরের কাপুড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান। অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটা সিটের নিচে এই ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় পান। মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখে পরিবারকে জানিয়ে তিনি নিজেদের কাছেই রেখে দেন ল্যাপটপটি। রোববারই তারা নাটোরে আসেন। পরে পুলিশ তথ্য–প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে। খবর বিডিনিউজের। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়েছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। আর সিসিটিভি ভিডিওতে আমরা যে যুবককে শনাক্ত করেছি তার কোনো খবর পেলে দ্রুত জানানো হবে।












