সীতাকুণ্ডে একটি মন্দির থেকে পিতলের ত্রিশূল ও টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র দেবনাথ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টার সময় সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ত্রিশূলের একটি অংশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এদিন গহীন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরের একটি পিতলের ত্রিশূল ও দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ অভিযানে নামে। জেলা পুলিশের তদারকিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর একপর্যায়ে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সন্দেহভাজন নয়ন চন্দ্র নাথের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ত্রিশূলের একটি অংশ উদ্ধার করা করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নয়ন চন্দ্রনাথ মন্দিরে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশ জানায়, অভিযুক্ত নয়ন চন্দ্র দেবনাথ ভক্তবেশে মন্দিরে প্রবেশ করে সুযোগ বুঝে ত্রিশূল দানবাক্স ভেঙে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উক্ত মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, ত্রিশূলটি পিতলের তৈরি। এর আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা হতে পারে। গতকাল রবিবার মন্দিরের ব্রাহ্মণ পূজা শেষে মন্দির থেকে বের হওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যেই এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করেন এবং পরে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে চুরি যাওয়া ত্রিশূল উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত নয়ন চন্দ্রদেব নাথ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর উক্ত মামলায় অভিযুক্ত নয়ন চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।












