সীতাকুণ্ডে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেহানা বেগম (৫৬)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা বেগম দীর্ঘদিন ধরে তার মায়ের সাথে কাজলীপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার দুপুরের পর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায় ওই ভাড়া বাসার মালিক মাহবুবুল হক চৌধুরী। পরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে রেহানা বেগমকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সীতাকুণ্ড থানার এসআই কাওসার বলেন, সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি ‘আত্মহত্যা করেছেন’ তা জানা যায়নি।












