একই ঘরানার দুটি দল। আর তাতে সিনিয়রদের হারিয়ে জুনিয়ররাই জিতে নিলো শিরোপা। সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত প্রথম সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং স্টার জুনিয়র। গতকাল মঙ্গলবার সাগরিকাস্থ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা ১ উইকেটে সিনিয়র রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল দুই রানের। রাইজিং স্টার জুনিয়র সে দুই রান তুলে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে। অধিনায়ক ইমরুল করিমের দারুণ বোলিংয়ের পর কপিল উদ্দিনের দারুণ ব্যাটিং রাইজিং জুনিয়রকে শিরোপার স্বাদ দেয়। প্রথমে ব্যাট করা রাইজিং স্টার ক্লাব ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে রাইজিং স্টার জুনিয়র ৯ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
টসে জিতে রাইজিং ষ্টার ক্লাব প্রথমে নিজেরাই ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২২ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাজিবুল আলম। তিনি ২০ বল খেলে ৬টি ছক্কা মেরে ৪৪ রান করেন। অন্যদের মধ্যে আসাদুর রহমান ২২, অধিনায়ক সাজ্জাদুল হক রিপন ২০,এসএম ইরফান ১২ এবং তারেক রহমান ১১ রান করেন। রাইজিং জুনিয়রের পক্ষে অধিনায়ক ইমরুল করিম ২০ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। মো. বেলাল নেন ২টি উইকেট। ১টি করে উইকেট পান ওয়াকিউদ্দিন,মিনহাজ নূর এবং সাবেতুল ইসলাম। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাইজিং স্টার জুনিয়রও ধুকতে থাকে। দলীয় ৩ রানেই তারা প্রথম উইকেট হারায়। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৪২ রান এলেও পরে কিছু বিরতি দিয়ে দিয়ে উইকেট পড়তে থাকে তাদের। দলীয় ১১০ রানের মাথায় ৮ম ও ৯ম উইকেটের পতন হলে কিছুটা হোচট খায় তারা। আবার দুই বল বাকি থাকতেই দলীয় ১২১ রানে ১০ উইকেটের পতন ঘটে। এসময় ওয়াকিউদ্দিন ৩ রান আউটের শিকার হন। তবে শেষ দুই বলে অপরাজিত ব্যাটার মিনহাজ সাকিব পরিস্থিতি সামাল দেন মো. বেলালকে নিয়ে এবং দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাকিব ১৯ বল গুরুত্বপূর্ণ ১৯ রান করেন। এর আগে ওপেনার কফিলউদ্দিন ৩৯ বল খেলে অর্ধ শতরানের ইনিংস খেলেন। তিনি ২টি চার এবং ৪টি ছক্কা মেরে সর্বোচ্চ ৫৫ রান করেন। অন্যদের মধ্যে সাবেতুল ইসলাম ১৬,ওমর ১০ রান করেন। ৯ উইকেটে ১২৩ রান করে নেয় রাইজিং জুনিয়র। রাইজিং স্টার ক্লাবের পক্ষে হাবিবুন নবী ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। আসাদুর রহমান ১৬ রান দিয়ে পান ২টি উইকেট।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের কপিল উদ্দিন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৩১৪ রান করেন রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান মোন্তাসির। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ উইকেট নেন রাইজিং স্টার ক্লাবের হাবিবুর নবী সোহেল। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরীর সভাপতিত্বে ও আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রতিনিধি ও সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সহ – সভাপতি মোহাং শাহাজাহান, লোকমান হাকিম, মাহাবুব আলম, সিজেকেএস সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ,কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, আবু সামা বিপ্লব, আলী আকবর, তাসবীর হাকিম, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এনাম, ইয়াছিন আরাফাত পাবলু, রায়হান উদ্দীন, সালাউদ্দিন জাহেদ, জসিম আহমেদ, সাধন চন্দ্র, প্রবীণ কুমার ঘোষ, ফারুক আহামেদ, সোহেল আহমেদ, আরিফ আহামেদ চৌধুরী, সজীব বড়ুয়া টুটুল, আদিল কবির সহ ক্লাব সমিতি কর্মকর্তা, সিজেকেএস কাউন্সিলর ও সাবেক খেলোয়াড়রা। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। উল্লেখ্য গত ২৬ জানুয়ারি ১০টি দলকে নিয়ে শুরু হয়েছিল সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।












