সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক

| বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৪:২৯ পূর্বাহ্ণ

পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১০ জন সংসদ সদস্যদের (এমপি) অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ১০ জন সাবেক এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, আফতাব উদ্দিন সরকার, ওমর ফারুক চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী, দীপংকর তালুকদার, ইফতেখার উদ্দিন তালুকদার, ফাহমী গোলন্দাজ বাবেল, হোসনে আরা ও এম এ জাহের। খবর বাংলানিউজের।

জানা গেছে, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৪০–৫০ শতাংশ বেশি দরে প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, তার এলাকার পল্লী বিদুৎ সমিতির বিলের ওপর অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে। এসব অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত দুদকের মহাপরিচালক (তদন্ত–২) বরাবর পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের অভিযোগে উল্লিখিত সাবেক এমপিদেরও অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার পার্কে
পরবর্তী নিবন্ধবিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ক্রুড অয়েল নেয়া হচ্ছে ইস্টার্ন রিফাইনারিতে