বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির মনোনয়নে আন্তর্জাতিক ফুটবলে রেফারিংয়ের সুযোগ পেয়েছেন চট্টগ্রামের নাফিস সরকার ও জাহিদুল ইসলাম। ২০২৭ সালের জন্য তাঁরা সহকারী ফিফা রেফারি হিসেবে মনোনীত হয়েছেন।
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন জানায়, ফিফা রেফারি পরীক্ষা ২০২৭–এর জন্য চট্টগ্রাম থেকে পাঁচজন রেফারি মনোনীত হন। তাঁরা গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরীক্ষায় অংশ নেন। ৩০ সেপ্টেম্বর রেফারিজ কমিটির সভায় পারফরম্যান্স পর্যালোচনা শেষে নাফিস ও জাহিদুলকে সহকারী ফিফা রেফারি হিসেবে মনোনীত করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া চট্টগ্রামের অপর তিন রেফারি হলেন নাছির উদ্দিন, শরীফুজ্জামান খান ও তারেকুল ইসলাম।
তাঁরা এবার মনোনয়ন পাননি। নাফিস সরকার ও জাহিদুল ইসলামের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি উপ–পুলিশ কমিশনার (উত্তর) হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন। তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে দুই রেফারির সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।












